আম্বর শাহ মসজিদে জুমার পর প্রচারণা শুরু করবেন তাবিথ
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল শুক্রবার দুপুরে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
রাজধানীর কাওরানবাজারে খাজা আম্বর শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করে সেখান থেকেই প্রচারণা শুরু করবেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল নির্বাচনে বাস প্রতীক পেয়েছেন। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয় এ প্রতীক বরাদ্দ দেয়। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন ‘টেবিল ঘড়ি’।
তাবিথকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছে বিএনপি। সমর্থনের এ বিষয়টি বৃহস্পতিবার রাতে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন বিএনপির সিটি নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
উল্লেখ্য, ঢাকা উত্তরে মেয়র পদে পিতা-পুত্র দুজনই মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু আবদুল আউয়াল মিন্টুর সমর্থনকারী ঢাকা উত্তর সিটির ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়। ছেলে তাবিথের মনোনয়ন বৈধ হয়।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








