হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা মহাসড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উদ্দেশ্য করে কিছু জ্বালাময়ী স্লোগান দেওয়া হয়। অবরোধকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যানবাহন আটকে রাখেন।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, “ওসমান হাদি বিচারের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, জনদুর্ভোগ এড়াতে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে বিকেল সাড়ে চারটায় অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আর মেহেদী বলেন, অবরোধকারীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে মহাসড়ক ছেড়ে দিতে বলা হয়। জনদুর্ভোগ বিবেচনা করে তারা অবরোধ প্রত্যাহার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ
এর আগে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল। গত ২৭ ডিসেম্বর মাঝরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








