পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎ
ঢাকা: ঢাকা সফররত বিদেশি সংবাদপত্রের প্রতিনিধিরা পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার অনুবিভাগের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল, ভারত, থাইল্যান্ড, মিশর ও দ্য নেদারল্যান্ডসহ বিভিন্ন গণমাধ্যমের ১১ জন সাংবাদিক বাংলাদেশ সফর করছেন।
আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এসব সাংবাদিকরা ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানা গেছে। এসময় তারা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বৈদেশিক সম্পর্ক, সামাজিক ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন তৈরি করবেন।
গণমাধ্যম কর্মীরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
এছাড়া চট্রগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসহ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সফর করবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রী বিদেশি সাংবাদিকদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বৈদেশিক সর্ম্পক, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাংবাদিকদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক-কুটনীতি, বৈদেশিক বাণিজ্য, ভাষা, সংস্কৃতি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল অবস্থানের বিষয় নিয়ে আলোচনা হয়।
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








