মন্ত্রিসভায় মিষ্টি ও কবিতা আবৃত্তি
ঢাকা: বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে মন্ত্রিসভার সদস্যদের মিষ্টি খাইয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। পাশাপাশি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভা সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার শুরুতেই তিনি সভাষদদের নববর্ষের শুভেচ্ছা জানান।
নববর্ষ উপলক্ষ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মিষ্টি এনে মন্ত্রিপরিষদ সদস্যদের খাওয়ান।
বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সিনিয়র সেক্রেটারী জেনারেলের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান পরিষদের সদস্যদের সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করে শুনান। এরপরই তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানও তার লেখা একটি কবিতা পড়ে শোনান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ভৎর্সনার পরের সপ্তায় সাধারণ পোশাকেই মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এদিন মন্ত্রিসভার কোনো সদস্যের গায়ে স্যুট-টাই দেখা যায়নি। অনেকেরই পরনে ছিল পাঞ্জাবি-পাজামা। কেউ কেউ সাধারণ শার্ট পরেও আসেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








