News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩২, ১৯ জানুয়ারি ২০২০

নৃগোষ্ঠির জন্য দুদিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে সরকার

নৃগোষ্ঠির জন্য দুদিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে সরকার

ঢাকা: বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠির জন্য ২৯ চৈত্র ও ২ বৈশাখ ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বছরে তিনদিন ঐচ্ছিক ছুটি ভোগ করার বিধান থাকলেও ক্ষুদ্র নৃগোষ্ঠির এ সুবিধা ছিল না। এ কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপস্থাপিত এ বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে।”

তিনি আরো বলেন, “১ বৈশাখ ও ৩০ চৈত্র স্থানীয়ভাবে ছুটি থাকলেও নতুন করে ২৯ চৈত্র ও ২ বৈশাখ এ ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

গণমাধ্যমকে তিনি এসময় বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠির মধ্যে চাকমারা ২৯ চৈত্রকে বলে ফুল বিজু, ত্রিপুরারা বলে হারি ঠেষু। ৩০ চৈত্রকে চাকমারা বলে বিজু, ত্রিপুরা বৈষমা। ১ বৈশাখকে চাকমারা বলে হজ্জা গজ্জা, ত্রিপুরারা বলে বিসি বাতাল। ২ বৈশাখকে মারমা ও রাখাইনরা বলে সংরাই ও বৈসাবি।”  

এসব জনগোষ্ঠির সদস্যরা দেশের যে প্রান্তেই থাকুক তারা তাদের অনুষ্ঠানের সঙ্গে এ দুটি ঐচ্ছিক ছুটি যোগ করে নিতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়