জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ঢাকা: দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছে।
তবে হরতালের তেমন কোনো প্রভাব লক্ষ করা যাচ্ছে না। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হরতালের সমর্থনে এখনও দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শনিবার রাতে জামায়াতের ওয়েবসাইটে ও কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে মকবুল বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাকে ফাঁসি দেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরের যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








