News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ফাঁসির প্রতিবাদে মন্দিরে হামলা

ফাঁসির প্রতিবাদে মন্দিরে হামলা

সিরাজগঞ্জ: যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে জামায়াত-শিবিরের কর্মী সমর্থকেরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

রোববার ভোর রাতে পৌর শহরের ঝিকিড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

ঝিকিড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি সাহা জানান, ভোর রাতে ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই গ্রিলের তালা ভেঙে কালি মন্দিরে ঢুকে ১০টি মুর্তি, মন্দির-বাড়ি ভাঙচুর ও প্রতিমার শরীরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

খবর পেয়ে পুলিশ, বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ শামীম আলম, সহকারী কমিশনার (ভুমি) আকরাম আলী ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
রবি সাহা আরও জানান, এ ঘটনার প্রতিবাদে মন্দির অঙ্গনে প্রতি বছরের ন্যায় আয়োজিত আগামীকাল সোমবারের চৈত্র সংক্রান্তির চড়ক পূজা ও মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জামায়াত-বিএনপির অজ্ঞাতনামা অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়