বাঙালি সংস্কৃতি ধরে রাখতে কাজ করছে সরকার
রাজশাহী: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে-হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিএনপি-জামায়াতের আমলে নতুন প্রজন্মের কাছ থেকে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রোববার বিকেলে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি মাঠে বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিনদিনব্যাপী ১২তম বাংলা লোকনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের প্রধান সমন্বয়কারী কাজী সাঈদ হোসেন দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা, নওগাঁর আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম প্রমুখ।
পুঠিয়া রাজবাড়ীর বিভিন্ন পুরাকীর্তি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে বর্তমান সরকার পুঠিয়ার পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানান মন্ত্রী।
উৎসবের প্রথম দিন ঐতিহ্যবাহী লাঠি খেলা, মঙ্গল শোভাযাত্রা, নৃত্যনাট্য, গম্ভীরা, লালনের গান, গ্রাম থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় নাটক পরিবেশন হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে নাট্যকার সেলিম আল দীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার নাট্যকার আলী আফরোজ পিনু ও রাজশাহীর নাট্যকার তাজুল ইসলামকে সেলিম আল দীন লোকনাট্য স্মারক প্রদান করা হয়।
নিউজবাংলদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








