ফুল আর বাতাসা দিয়ে স্বাগত জানাবে পুলিশ
ঢাকা: বাংলা বর্ষবরণ- ১৪২২ উদযাপন উপলক্ষে রমনা বটমূলে আসা দর্শনার্থীদের হাতে ফুল আর বাতাসা দিয়ে বরণ করবে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রোববার দুপুরে বর্ষবরণের সার্বিক নিরাপত্তা নিয়ে রাজধানীর মিন্টোরোডের ডিএমপি গণমাধ্যম কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সম্মেলনের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার জানান, “মেলায় আসা দর্শনার্থীদের জন্য প্রতিটি গেইটে থাকবে ডিএমপি বিশ্রাম কেন্দ্র, যেখানে যে কেউ চাইলে বিশ্রাম নিতে পারবে। তাছাড়া প্রত্যেকটি বিশ্রামাগারেই থাকবে বিশুদ্ধ পানির ব্যবস্থা। একই সঙ্গে থাকবে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাও।”
আছাদুজ্জামান মিয়া বলেন, “অনুষ্ঠানের মধ্যে অনেকেই হয়তো গুজব ছড়াবে, কিন্তু আপনারা কেউ কোনো গুজবে কান দিবেন না। যদি এদিন নগরীর কোথাও কোনো প্রকার সন্দেহজনক বস্তু যেমন ব্লেড, চাকু, নেইলকাটার বা বিস্ফোরক সামগ্রী দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ ডিএমপি ওয়াচ টাওয়ারে জানাবেন।”
একই সঙ্গে এদিন রমনা পার্কের কোনো গাছে ওঠা যাবে না, সংশ্লিষ্ট এলাকায় ধূমপানও করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি।
উল্লেখ্য, ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪২২। এদিন উৎসবে মুখরিত থাকবে নগরী। সে কারণে রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এইচকে
নিউজবাংলাদেশ.কম








