News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

বিএডিসির বীজ কিনে প্রতারিত কৃষক

বিএডিসির বীজ কিনে প্রতারিত কৃষক

মেহেরপুর: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর ধানবীজ ক্রয় করে প্রতারিত হয়েছে গাংনী উপজেলার শতাধিক কৃষক। ভেজাল বীজ হওয়ার কারণে চলতি মৌসুমে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে তারা।

উপজেলার বাহাগুন্দা গ্রামের নূর ইসলামের ছেলে কৃষক জাহাঙ্গীর আলম নিউজবাংলাদেশকে বলেন, “বিএডিসি ও জেএল এগ্রিটেক করপোরেশন (ফিলিপাইন) এর ধানের বীজ সুপার হাইব্রিড ক্রয় করে ৫ বিঘা জমিতে রোপণ করা হয়। কিন্তু হাইব্রিডের পরিবর্তে একই জমিতে নানা ধরনের ধান হয়েছে। হাইব্রিড না হওয়ায় এবছর ফলন বিপর্যয় হবে।”

একই গ্রামের কয়েকজন কৃষক নিউজবাংলাদেশকে জানান, তাদের ব্লকের সুপারভাইজার আশরাফুল আলম তাদের সঙ্গে যোগাযোগ না করার কারণে তারা কোনো প্রতিকার পাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। ক্ষতিগ্রস্থ কৃষকরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।”

বৃহত্তর কুষ্টিয়া বিএডিসির বীজ বিপণন কর্মকর্তা মাসুদ আহমেদ নিউজবাংলাদেশকে বলেন, “অসাধু চক্র বিএডিসির নাম ও মনোগ্রাম ব্যবহার করে বীজ প্যাকেট করে বাজারজাত করতে পারে। প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, নওপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী হাফিজ ভেজাল সার, নিম্নমানের পাট ও ধানবীজ বিক্রি করে চাষিদের প্রতারিত করে আসছে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করার কারণে প্রতারণার মাত্রা দিন দিন বাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়