কামারুজ্জামানের ফাঁসির খবর বিশ্ব মিডিয়ায়
ঢাকা: একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে বিশ্ব মিডিয়া। মৃত্যুদণ্ড কার্যকরের পর বেশির ভাগ বিশ্ব মিডিয়ায় শিরোনাম করা হয়েছে, একজন ইসলামী নেতার ফাঁসি কার্যকর।
মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করে রয়টার্স, বিবিসি, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, টেলিগ্রাফ, আল জাজিরা, এপি, ইয়াহু নিউজ, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ, গালফ নিউজসহ অনেক বিশ্বের বিখ্যাত মিডিয়াগুলো।
একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় শনিবার রাত ১০টা ৩১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়।
বিবিসি কামারুজ্জামানের ফাঁসির রায় সংক্রান্ত প্রতিবেদনে "বাংলাদেশে ইসলামিস্ট নেতার ফাঁসি" শিরোনামে জানিয়েছে, ১৯৭১ সালের যুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত একটি ইসলামিক দলের নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়েছে।
দীর্ঘ প্রতিবেদনে বিবিসি আরো জানায়, ১৯৭১ সালে ১২০ নিরস্ত্র কৃষকসহ নানা অপরাধে ২০১৩ সালের মে মাসে ৬২ বছরের কামরুজ্জামানকে অভিযুক্ত করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল । তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি যুদ্ধপরাধের ঘটনায় যার মৃত্যুদণ্ড কার্যকর করা হল। এর আগে ২০১৩ সালে মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ।
কামরুজ্জামান মৃত্যুদণ্ড মওকুফের জন্য বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে অনুগ্রহ চাইতে রাজি হননি বলেও জানিয়েছে বিবিসি।
ট্রাইব্যুনালের বিচারে জামায়াতের মতিউর রহমান নিজামি, আলী আহসান মোহাম্মদ মুজাহিদি এবং বিরোধী দল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার খবরে কামরুজ্জামানের ফাঁসিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা বৃদ্ধি, শেষ মুহূর্তে গ্রামের বাড়িতে তার দাফন ইত্যাদি বিষয় অগ্রাধিকার পেয়েছে।
ইয়াহু নিউজ কর্তৃপক্ষ ‘যুদ্ধ কসাই’য়ের ফাঁসি কার্যকর করায় রাজধানী ঢাকায় শত শত মানুষ আনন্দ মিছিল করেছে বলে এ সংক্রান্ত প্রকাশিত খবরটি শুরু করে। এছাড়া জামায়াতের নিন্দা এবং এর প্রতিবাদে সোমবার সারা দেশে হরতাল ডাকার কথাও উল্লেখ করেছে ইয়াহু নিউজ।
বাংলাদেশের আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে শনিবার জামায়াত নেতার ফাঁসির খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে পাকিস্তানি পত্রিকা ‘ডন’। ডন শিরোনামে জানায়, ১৯৭১ এর যুদ্ধে গণহত্যার দায়ে জামায়াত ইসলামির নেতার ফাঁসি দিয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘণ্টা খানেক পর তার লাশ দাফনের জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ বহনকারী গাড়িটিতে কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছিল।
পত্রিকাটি আরো জানিয়েছে, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার সংবাদে ‘শত শত সরকার সমর্থক’ আনন্দে ফেটে পড়ে এবং বিজয়সূচক ‘ভি’ দেখায়। জামায়াত ই ইসলামি এই ঘটনাকে‘সরকারে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে । তারা এর প্রতিবাদে সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বলেও জানিয়েছে ডন।
সিএনএনের শিরোনাম ছিল ‘বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে ইসলামপন্থী নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি’। ফক্সনিউজের শিরোনাম ছিল ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে ইসলামপন্থী দলের নেতার ফাঁসি’। বার্তা সংস্থা এপির শিরোনাম ছিল ‘বাংলাদেশে ইসলামপন্থী নেতার ফাঁসি’। ভয়েস অব আমেরিকার শিরোনাম ছিল ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে বিরোধী ইসলামপন্থী নেতার ফাঁসি’। নিউইয়র্ক টাইমসের শিরোনাম ছিল ‘বাংলাদেশে উচ্চ পর্যায়ের ইসলামপন্থী নেতার ফাঁসি’। ওয়ালস্ট্রিট জার্নালের শিরোনাম ছিল ‘বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিকের ফাঁসি’।
নিউজবাংলাদেশ.কম/এফই/এসজে
নিউজবাংলাদেশ.কম








