নাটোরে আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
নাটোর: সিংড়া উপজেলায় প্রায় আড়াই মাস পর কবর থেকে খলিলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “পারিবারিক বিরোধের জের ধরে গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলার কলমপুণ্ডরি গ্রামের খলিলুর রহমান ও তার ভাই আব্দুল জলিলের মধ্যে বিষয়-সম্পত্তি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় খলিলুর রহমান আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।”
তিনি আরো বলেন, “পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আড়াই মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তিনি ওই হাসপাতালেই মারা যান।”
শফিকুল আরো বলেন, “সে সময় লাশ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিকভাবে নিষ্পত্তি করে দাফন করা হয়। কিন্তু ৬ মার্চ নিহতের স্ত্রী লাইলি বেগম নিহতের ভাই জলিলসহ ১১ জনকে অভিযুক্ত করে নাটোর কোর্টে হত্যা মামলা দায়ের করেন।”
তিনি বলেন, “মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে শনিবার সকালে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলামের নেতৃত্বে কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়।”
ওসি আরো বলেন, “এরপর ময়নাদতন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








