গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহ নগর এলাকার নৌকা মিয়ার স্ত্রী কমলা বেগম (৫৫), তার নাতনি দেওয়ালের টেক এলাকার ইসাহাক মিয়ার মেয়ে অনাদি (১১) এবং একই এলাকার মোবারক মিয়ার স্ত্রী সাদিয়া বেগম (২৫)।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কমলা বেগম নরসিংদী থেকে তার মেয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকায় বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে তিনি তার নাতনি অনাদি ও সাদিয়া বেগমকে সঙ্গে নিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। একই সঙ্গে বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন ঢাকার দিকে আসছিল। দুটি ট্রেন একসঙ্গে আসায় তারা দিশেহারা হয়ে পড়েন। একপর্যায়ে সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনজনই।
ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিম উদ্দিন জানান, রেললাইন দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








