রাজধানীতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত
ছবি: সংগৃহীত
রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার পর কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মৌচাক এলাকায় একটি ককটেল ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়। এতে একজন নারী পথচারী আহত হন। আহত ব্যক্তিকে ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত স্থানীয় একটি হাসপাতালে পৌঁছে দেন।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো ছুঁড়ে ফেলা হয়েছে। ঘটনার পরপরই মগবাজার ও শান্তিনগর এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: কুলাউড়া আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেফতার
এদিকে, এটি সাম্প্রতিক সময়ে রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণের মধ্যে একটি। এর আগে গত শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মৌচাক, শান্তিনগর ও মিরপুর এলাকায় পৃথকভাবে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একজন দোকানি আহত হন, তবে অন্য ঘটনাগুলিতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে ফুটপাতে ককটেল নিক্ষেপ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর পুলিশ বক্সের কাছে এবং শান্তিনগর পশ্চিম সিগন্যালের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত পৌনে ৯টার দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি বিস্ফোরণ ঘটে।
ডিএমপি ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরবর্তী সময়ে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








