এমন সিংহহৃদয় সিইও কোথায় পাবেন!
অধঃস্থন কর্মীদের বেতন বাড়ানোর জন্য প্রতিষ্ঠানের সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) নিজের বেতনের ৯০% কমিয়ে নিয়েছেন। এই চমক জাগানো ঘটনা যুক্তরাষ্ট্রের সিয়াটলের। ওই শহরের টেকনোলজি জগতে পেমেন্ট প্রসেসিং ফার্ম গ্রাভিটি পেমেন্টের সিইও ড্যান প্রাইস এই অসাধারণ ঘটনা ঘটিয়েছেন। আগামী তিন বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের কর্মীরা যাতে বার্ষিক ৭০ হাজার ডলার করে বেতন নিতে পারেন- তার বাস্তবায়নে এমন উদ্যোগ নিয়েছেন ড্যান। এর ফলে প্রতিষ্টানের বার্ষিক মুনাফাও কমবে বলে জানা গেছে। তবে এর সুদূরপ্রসারী ফল ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
একটি স্টাডি রিপোর্টের ভিত্তিতে তিনি এমন পদক্ষেপ নেন বলে জানা গেছে। ওই স্টাডির লক্ষ্য ছিল কর্মীদের সুখী করার কায়দা-কানুন খুঁজে বের করা।
নিজের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক প্রাইসের বাৎসরিক বেতন ১ মিলিয়ন ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) থেকে কমিয়ে ৭০ হাজার ডলার করা হয়েছে। এর পরোক্ষ প্রভাবে প্রতিষ্ঠানের বার্ষিক মুনাফাও কমবে ২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৬ কোটি টাকা।
ড্যান প্রাইসের এ পদক্ষেপের ফলে গ্রাভিটি পেমেন্টের ৩০ জন কর্মীর বেতন বেড়ে দ্বিগুন হয়েছে। এছাড়া আরও ৪০ জন কর্মীর বেতনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সোমবার যখন কোম্পানি এই নয়া বেতন নীতি ঘোষণা করে তখন কর্মীরা উল্লাসে নেচে ওঠেন।
ড্যান নিজে গ্রাভিটি পেমেন্টের প্রতিষ্ঠাতা এবং এতে তার শেয়ারও সিংহভাগ। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা শ খানেক।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








