News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৫, ২৫ ডিসেম্বর ২০২৫

ছুটিতে মদ্যপান দোষের নয়, ইংল্যান্ড ক্রিকেটারদের পক্ষে মাইকেল ভন

ছুটিতে মদ্যপান দোষের নয়, ইংল্যান্ড ক্রিকেটারদের পক্ষে মাইকেল ভন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজে মাঠের বাইরের এক বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যবর্তী বিরতিতে কুইন্সল্যান্ডের নুসা সৈকতে ইংল্যান্ড ক্রিকেটারদের অবকাশ যাপন ও মদ্যপানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বিশেষ করে ওপেনার বেন ডাকেটের প্রকাশ্য রাস্তায় মাতাল আচরণ নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, ছুটির সময় খেলোয়াড়রা কী করেছেন, তা নিয়ে সমালোচনার সুযোগ নেই। ভনের ভাষায়, “আমি সমালোচনা করব তারা মাঠে কী করছে, কীভাবে খেলছে এবং প্রস্তুতি নিচ্ছে- সেসব নিয়ে। দু-একদিন ছুটিতে কয়েক গ্লাস বিয়ার খাওয়ার জন্য তরুণদের দোষারোপ করা ঠিক নয়। আমি নিজেও খেলোয়াড় থাকাকালীন একই কাজ করেছি।”

তবে ভাইরাল হওয়া ভিডিওটি ভালো উদাহরণ নয়- এ কথা স্বীকার করেছেন ভন। তার মতে, শুধুমাত্র বেন ডাকেটকে নিশানা করা অন্যায়। এটি কোনো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ব্যর্থতা নয়; বরং ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা ড্রিঙ্কিং কালচারেরই প্রতিফলন। ভন বলেন, “ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ সব দেশেই এই সংস্কৃতি আছে। কয়েকদিন ছুটি পেলে তরুণ খেলোয়াড়রা এমন আচরণ করবেই -এটাই বাস্তবতা।”

এদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বিষয়টি নিয়ে কূটনৈতিক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, এসব বিতর্কের চেয়ে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক সুস্থতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রব কি পুরো বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন না কুশল মেন্ডিস

এই বিতর্কের মধ্যেই আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে অ্যাশেজের ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়