নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন না কুশল মেন্ডিস
কুশল মেন্ডিস। ছবি: সংগৃহীত
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল নতুন ফ্র্যাঞ্চাইজিটি। শারীরিক অসুস্থতার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না মেন্ডিস।
জানা গেছে, গত সপ্তাহে দুবাইয়ে মেন্ডিসের জরুরি অস্ত্রোপচার করতে হয়। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না এই লঙ্কান ব্যাটার। আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়েই শারীরিক জটিলতায় পড়েন তিনি।
আইএল টি-টোয়েন্টির বাকি অংশের পাশাপাশি বিপিএলেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও তার দল শারজাহ ওয়ারিয়র্স এখনো আনুষ্ঠানিকভাবে বিকল্প খেলোয়াড় ঘোষণা করেনি। তবে নোয়াখালী এক্সপ্রেস দলে তার বিকল্প হিসেবে রয়েছেন জনসন চার্লস।
সবকিছু ঠিক থাকলে সৌম্য সরকারের সঙ্গে জনসন চার্লসকেই নোয়াখালীর হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে। এ ছাড়া হাবিবুর রহমান সোহানেরও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। ফলে ব্যাটিং বিভাগে খুব বেশি দুশ্চিন্তায় নেই নোয়াখালী এক্সপ্রেস।
আরও পড়ুন: সাবিনাদের প্রস্তুতিতে দুই নারী ইরানি কোচ নিয়োগ
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।








