News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:০৬, ২২ ডিসেম্বর ২০২৫

বিপিএলে শহিদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগ বিসিবির

বিপিএলে শহিদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগ বিসিবির

ফাইল ছবি

আগামী ২৬ ডিসেম্বর সিলেট থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ঘরোয়া আসর শুরুর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপের ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে ওই পরিকল্পনা থেকে সরে আসতে হয় বোর্ডকে। শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিল করা হলেও পরবর্তীতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের দিন সীমিত পরিসরে একটি আয়োজন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে ইফতেখার রহমান মিঠু বলেন, বারবার পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। 

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান

তিনি জানান, আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ ডিসেম্বর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব।

সূচি পরিবর্তনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জানুয়ারির শেষে চলে যাবে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫–তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।

শহিদ ওসমান হাদির স্মরণ কর্মসূচি প্রসঙ্গে মিঠু বলেন, ‘মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য।’

উদ্বোধনী দিনের আয়োজন সম্পর্কে তিনি আরও জানান, মাঠের মধ্যেই একটি স্টেজ তৈরি করে গানের আয়োজন রাখা হয়েছে। প্রথম অংশটি হবে ১৫ মিনিটের। তিনি বলেন, ‘আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুম্মার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।’

সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত আয়োজনের মধ্য দিয়েই বিপিএলের দ্বাদশ আসর শুরু করতে যাচ্ছে বিসিবি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়