News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ১৮ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বড় ধরনের জনসমাগমের আশঙ্কাকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার কোনো আনুষ্ঠানিক বা জমকালো উদ্বোধনী আয়োজন ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছিল বিসিবি। তবে শেষ মুহূর্তে এসে নিরাপত্তাজনিত কারণে আয়োজনে না যাওয়ার সিদ্ধান্তে পৌঁছায় বোর্ড।

বিসিবি সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে ঢাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। অতিথি, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ থেকেই মূলত এই সিদ্ধান্ত।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, নিরাপত্তা ইস্যুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা উদ্বিগ্ন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে চারজন সংগীতশিল্পীর সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটা হয়তো আমাদের বাতিল করতে হতে পারে।

আরও পড়ুন: গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

তিনি আরও জানান, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি, কী করা উচিত? এখানে স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত। আগামীকাল হয়তো আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাব।

মিরপুরের বাইরে সিলেটে উদ্বোধনী আয়োজনের বিকল্পও বিবেচনায় ছিল। তবে ২৪ ডিসেম্বর অনুষ্ঠান আয়োজনের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মাঠকে খেলার উপযোগী করে তোলা কঠিন হওয়ায় সেটিও বাস্তবসম্মত হয়নি। ফলে সব দিক বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএল টি-টোয়েন্টির গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রস্তুতির পাশাপাশি খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল ও সংশ্লিষ্ট সব অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বড় ধরনের জনসমাগম হয়- এমন কোনো প্রাক-টুর্নামেন্ট বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে নিরাপত্তা শঙ্কায় একাধিক কনসার্ট বাতিল হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য গণজমায়েতের প্রেক্ষাপটে সময়টিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উপযোগী মনে করছে না বিসিবি। তবে দর্শকদের স্টেডিয়ামে স্বাগত জানানো এবং একটি সফল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএল উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল।

উল্লেখ্য, এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেটে। পরবর্তীতে টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকাতেও।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়