News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২২ ডিসেম্বর ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে কাটার ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন মোস্তাফিজ

আইএল টি-টোয়েন্টিতে কাটার ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) শারজায় তার বিধ্বংসী বোলিংয়ে গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। ইনিংসের শুরুতে নতুন বলে কিছুটা খরুচে ছিলেন মোস্তাফিজ। প্রথম ওভারে তিনি দেন ১৩ রান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ংকর হয়ে ওঠে তার কাটার।

ইনিংসের ১৪তম ওভারে বল হাতে ফিরে মোস্তাফিজ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তখন গালফ জায়ান্টসের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। ওই ওভারে মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তিনি। প্রথমে জেমস ভিন্সকে উইকেটকিপারের হাতে ক্যাচ করান। এরপর অফ-কাটারে বোল্ড হয়ে যান ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাই। পরের ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে শন ডিকসনকেও ফিরিয়ে দেন সাজঘরে।

মাত্র চার বলেই ১১০/৩ থেকে ১১৬/৬ হয়ে যায় গালফ জায়ান্টসের স্কোর। এই ধাক্কা সামলাতে না পেরে দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ১৫৬ রানে অলআউট হয়।

মোস্তাফিজ ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। পরিসংখ্যানের বাইরে গিয়েও তার বোলিংয়ের প্রভাব ছিল স্পষ্ট। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। চলতি আসরে সাত ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৪।

আরও পড়ুন: কম্বিনেশনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শুভমান গিল

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালস বড় কোনো বিপদে পড়েনি। ৬ উইকেট হাতে রেখে এবং ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি।

এক ম্যাচেই আবারও প্রমাণ হলো- মোস্তাফিজুর রহমানের কাটার ঠিকঠাক পড়লে বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপ মুহূর্তেই এলোমেলো হয়ে যেতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়