News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২১ ডিসেম্বর ২০২৫

কম্বিনেশনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শুভমান গিল

কম্বিনেশনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শুভমান গিল

শুভমান গিল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রায় দেড় মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘোষিত দলে জায়গা হয়নি তারকা ওপেনার শুভমান গিলের। দল নির্বাচনের পেছনে মূল কারণ হিসেবে ‘কম্বিনেশন’-এর বিষয়টি তুলে ধরেছেন ভারতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

শুভমান গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অজিত আগারকার বলেন, “আমরা জানি শুভমান কতটা ভালো ক্রিকেটার। দুর্ভাগ্যবশত আগের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের কম্বিনেশনের কারণে তাকে নেওয়া সম্ভব হয়নি। ১৫ জনের স্কোয়াড গড়তে হলে কাউকে না কাউকে বাদ দিতেই হয়। এই মুহূর্তে কম্বিনেশনের কারণেই গিলকে বাদ দিতে হয়েছে। আমরা টপ অর্ডারে একজন উইকেটকিপার ব্যাটার চেয়েছি।”

একই সুরে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে আমরা ২০০’র বেশি রান করেছিলাম এবং সেই দলে গিল ছিল। তবে এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার ব্যাটার রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই ইশান কিষাণকে দলে নেওয়া হয়েছে। গিলের ফর্ম নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।”

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ। আসন্ন আসরে ভারতের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নিজের ফর্ম নিয়েও আলোচনায় রয়েছেন সূর্যকুমার যাদব। তবে আত্মবিশ্বাসী এই ব্যাটার বলেন, “আমি জানি কী করতে হবে এবং সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ফর্ম কিছুদিন ধরে চলছে, তবে অতীতেও অনেক ক্রিকেটার এমন সময় পার করে ফিরেছে। ঘরের মাঠে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় দায়িত্ব।”

আরও পড়ুন: ভারতকে হারালেও বাফুফেকে গুনতে হচ্ছে জরিমানা

ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ভারতের প্রস্তুতি নিয়ে আশাবাদী দল ব্যবস্থাপনা। তবে শুভমান গিলের মতো তারকা ক্রিকেটারকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছেই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়