নববর্ষ জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়বে: নূর
ঢাকা: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলা নববর্ষ জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াইকে আরও সুদৃঢ় করবে।
বৈশাখ মৌলবাদের বিরুদ্ধের সংগ্রামকে আরও বেগবান করবে বলে তিনি মন্তব্য করেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডপে চারদিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সহিংসতার বিপরীতে সংস্কৃতি’ এ স্লোগান নিয়ে অনুষ্ঠান আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এ সময় ‘চম্পকনগরের উপকথা’ মঞ্চায়ন করা হয়।
মন্ত্রী বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদ মানুষের অধিকারের নাম দিয়ে মানুষ হত্যা করছে। যারা নিহত হয়েছে তারা সাধারণ মানুষ এবং রাজনীতির সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে এ ধারাকে বাধাগ্রস্ত করছে।”
নূর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, ঐতিহাসিকভাবেই সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।”
চারদিন ব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, “পহেলা বৈশাখ হোক সারা বছরের মঙ্গলময় অধ্যায়।”
সাংস্কৃতিক শক্তি দিয়ে মৌলবাদ, জঙ্গিবাদ রুখতে হবে বলে সকলের প্রতি আহবান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








