বিএনপির কোমরে এতো জোর হবে না: প্রধানমন্ত্রী
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ‘সরকার নামানোর মতো বিএনপির কোমরে এতো জোর হবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নাটোর ও ফেনী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আশা করি, ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, আবার সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।”
এসময় আন্দোলনের নামে যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
তিন মাস ধরে বিএনপির অবরোধ-হরতালে নাশকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার কী অর্জন হয়েছে সেটা আমার জানা নেই। জঘন্য কর্মকাণ্ড করেছেন উনি। মানুষকে এভাবে প্রতিপক্ষ করে, মানুষকে এভাবে কোনো রাজনৈতিক নেতা খুন করতে পারে এটা আমিও ভাবতে পারি না। কারণ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড জনগণের স্বার্থে।”
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “জনগণকে খুন করে তার কী অর্জন? উনাকে কোর্টেও যেতে হয়েছে। সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু বহাল তবিয়তেই আছে।”
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসী কমর্কাণ্ড যারা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের বিচার করতে হবে।”
তিনি বলেন, “দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








