‘সিটি নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে সরকার’
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবে উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, “২৮ এপ্রিলের নির্বাচন (সিটি নির্বাচন) যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আগামী তিন মাসের মধ্যে সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য।”
শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পরিবার আয়োজিত ‘আমার দেশ পড়তে চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই, আমার দেশ বন্ধ ও মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ২ বছর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দিন বলেন, “জনগণ যদি তাদের সুচিন্তিত মতামত সুষ্ঠুভাবে নির্বাচনে ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে তাহলে বিএনপি নির্বাচনে জয় লাভ করবে। তারপর সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, “ক্ষমতাকে পুঁজি করে যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে এবং ক্ষমতায় থাকার স্বপ্ন এক সময় বিলীন হয়ে যাবে।”
গণমাধ্যমের বাক স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “স্বৈরশাসক এবং স্বাধীন গণমাধ্যম কখনো এক সঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, “মাহমুদুর রহমান একজন ভয়ঙ্কর দেশ প্রেমিক। উন্নত জীবনের জন্য যে গুনটা প্রথমে প্রয়োজন তা হলো সত্য প্রকাশ করার ক্ষমতা। আর এই গুনটা তার মধ্যে ছিল।”
বিভিন্ন মিডিয়ার মালিকদের উদ্দেশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, “মাহমুদুর রহমানের মুক্তির জন্য তাদেরও আন্দোলন করা উচিৎ। তা না হলে সরকার পরিবর্তন হলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, “যে সরকারের কাজ হচ্ছে ‘ঘরে থাকলে গুম ক্রসফায়ার আর বাইরে থাকলে নির্যাতন, গ্রেফতার করা’, আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে পতন করা ছাড়া আর কোনো পথ নেই। গুম, খুন তো এই সরকারের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএফইউজির সাধারণ সম্পাদক এম এ আজিজ, ডিএফইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সভাপতি আব্দুর শহীদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








