মায়ের অন্তিম যাত্রায় সংশ্লিষ্ট সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে নিচ্ছিদ্র নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ এবং রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং গণমাধ্যমকর্মীদের প্রতি এই ধন্যবাদ জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, জীবনের গভীর শোকের মুহূর্তেও দেশের মানুষ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানবিক আচরণের কারণে মর্যাদার সঙ্গে এই অন্তিম যাত্রা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তারেক রহমান তার স্ট্যাটাসে জানান, দেশনেত্রীর জানাজা ও দাফন ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা শুধু শৃঙ্খলা রক্ষা করেননি, বরং শোকময় পরিবেশেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী-পুরুষ সদস্যদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, এসব বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলে লক্ষাধিক মানুষ নিরাপদে জানাজায় অংশ নিতে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছেন।
চোখের আড়ালে থেকে দায়িত্ব পালনকারী ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
আরও পড়ুন: নববর্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
তিনি বলেন, তাঁদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে পুরো আয়োজন নিরাপদ ও নির্বিঘ্ন ছিল।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ এবং গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান উল্লেখ করেন, তাঁদের আন্তরিক উদ্যোগের কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন, যা তাঁর মায়ের প্রতি আন্তর্জাতিক সম্মানের প্রতিফলন।
বিশাল জনসমুদ্র ও প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশ-বিদেশের সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে জানাজা ও দাফনের সংবাদ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ায় তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
স্ট্যাটাসে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। জাতীয় শোকের এই সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতাকে তিনি পরিবারের জন্য ‘অমূল্য সমর্থন’ হিসেবে উল্লেখ করেন।
শেষে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠান নয়, মানুষ হিসেবে সকলের সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ তাঁর পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। এই সম্মিলিত শক্তির কারণেই জাতি মর্যাদার সঙ্গে তাঁর মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে—আলহামদুলিল্লাহ।
নিউজবাংলাদেশ.কম/পলি








