News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: ফখরুল

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না।

তিনি আরও বলেন,যে নেত্রী সারা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন, তিনি নেই। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন করেছেন। আগামী সকাল ১০টায় ক্যাবিনেট মিটিং করা হবে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। পরে সংশ্লিষ্ট কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন 

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়