গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খাঁন
ফাইল ছবি
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দলটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
তিনি আরও জানান, রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, সে বিষয়ে দলটির নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ‘তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ’
তবে এ বিষয়ে রাশেদ খাঁন নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।
এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
ব্রিফিংয়ে তিনি বলেন, নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
রাশেদ খাঁনের দলত্যাগ ও বিএনপিতে যোগদানের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








