১৭ বছর পর দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
ফাইল ছবি
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
সালাহ উদ্দিন জানান, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি দেশে আসবেন। এরপর ২৭ ডিসেম্বর শনিবার, নির্বাচনী সময়ে নির্বাচন কমিশনের সব অফিস খোলা থাকবে। সেই দিনই তারেক রহমান ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন।
এদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহ উদ্দিন আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন ইসি আব্দুর রহমানেল মাছউদ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।
সালাহ উদ্দিন আরও জানান, বৈঠকে মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: বগুড়া-৭ আসনে খালেদা জিয়া, ৬-এ তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
তিনি বলেন, মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি দেওয়ার বিষয়ে আরপিওতে নেই। আমরা চাইছি, মনোনয়নপত্রের সঙ্গে এমন কোনো কপি দিতে হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতার বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা আশা করি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে। জনগণ উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ ভোটার হওয়ার প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়। দীর্ঘ সময়ে বিদেশে থাকা তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টিও কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছেন। সেই মতো তারেক রহমানও ঢাকার আঞ্চলিক নির্বাচন অফিসে ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








