আন্দোলনকারীরা মানুষ মারে, কখনো শুনিনি: নৌ-মন্ত্রী
দিনাজপুর: নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, আন্দোলনে সাধারণত আন্দোলনকারীরা পুলিশের হাতে নিহত হন, সরকারের নির্দেশে হত্যার শিকার হন। কিন্তু অতীতে আন্দোলনকারীরা কখনো জনগণের ওপর চড়াও হয়েছে, মানুষ হত্যা করেছে কখনো শুনিনি। এই দৃষ্টান্ত স্থাপন করেছে জামায়াত-বিএনপিসহ ২০ দলীয় জোট।
রোববার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘নাশকতা রোধ ও সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চালানো’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন।
বৃহত্তর দিনাজপুরের ৩ জেলার (দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও) পরিবহন মালিক-শ্রমিক-কর্মচারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, আ.লীগ ও ১৪ দলের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “২০ দলীয় জোটের বিষাক্ত ছোবলের হাত থেকে জনগণকে রক্ষার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সড়ক পরিবহন শ্রমিক, মুক্তিযোদ্ধা, কর্মচারী লড়াই করে যাবে।”
আরও এক রাজাকারের ফাঁসি কার্যকর হওয়ায় মন্ত্রী সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, “যারা একাত্তরে আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের বিচার হয়েছে, এখন তাদের সবার রায় কার্যকর করতে হবে।”
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি, দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ওসমান আলী, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








