News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন চলমান সংগ্রামের অংশ: প্রধান

সিটি নির্বাচন চলমান সংগ্রামের অংশ: প্রধান

ঢাকা: ২০ দলীয় জোটের শরিক নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়। এ নির্বাচন চলমান সংগ্রামেরই অংশ।

তিনি বলেন, “এই নির্বাচন গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার নির্বাচন। ইতোমধ্যেই এ সংগ্রামে শত শত মানুষ রক্ত ঢেলেছে। অগণিত মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহারা-কারারুদ্ধ। দেশপ্রেমিক নেতাদের মাথার ওপর ফাঁসির রশি ঝুলছে। শহিদের রক্তের কসম করে এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

রোববার ঢাকা দক্ষিণের ৫৪নং ওয়ার্ডে ২০ দলের পক্ষে ও জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক, কাউন্সিলর প্রার্থী হাসমত উল্লাহর হাতে করাত প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে এ সমস্ত কথা বলেন।

এ সময় শফিউল আলম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস, কাউন্সিলর প্রার্থী হাসমত উল্লাহসহ বিরোধীদলীয় প্রার্থীদের বিজয়ী করতে জাগপার নেতাকর্মীদের মরণজয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

জাগপা সভাপতি বলেন, “বিপন্ন স্বাধীনতা ও হারানো গণতন্ত্র ফিরে পেতে চাইলে এ বিজয়ের প্রশ্নে যদি-কিন্তুর অবকাশ নেই। সমকালীন ইতিহাস জানান দিয়েছে, জীবন-মৃত্যু, জয়-পরাজয়ের মালিক সর্বশক্তিমান আল্লাহ, কোনো ব্যক্তি বিশেষ নয়।”

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খান, সহ সভাপতি ফায়জুর রহমান, যুগ্ম সম্পাদক শাহিদুজ্জামান কবির, যুব জাগপা নেতা শেখ ফরিদউদ্দিন, নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্র লীগের রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান, নগর জাগপা ছাত্রলীগের আব্দুর রহমান প্রমুখ।

১৩ এপ্রিল সোমবার সকাল ১০টায় পশ্চিম জুরাইন গোরস্থান মাঠে দোয়া মাহফিল শেষে ৫৪নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও ২০ দলীয় জোট নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কমে/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়