News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

যানজট মুক্ত ঢাকা চান খোকন

যানজট মুক্ত ঢাকা চান খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণকে ‘স্বপ্নের ঢাকা’ গড়তে পাঁচ ক্ষেত্রে উন্নয়ন অগ্রাধিকার দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

রোববার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সহস্র নাগরিক কমিটির’ ব্যানারে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন ঢাকার সাঈদ খোকন।

পুরান ঢাকাসহ রাজধানীবাসীকে নিত্যদিন যানজটের বিড়ম্বনা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।

ইশতেহারের অন্য অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে রয়েছে দূষণমুক্ত, নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা; পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করা; পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী গড়ে তোলা; দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এবং নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা।

এছাড়া ইশতেহারে ‘ডিজিটাল মহানগরী’ গড়ে তোলা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, বস্তি উন্নয়ন ও দলিত-হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করা, আবাসন সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ, ঐতিহ্য সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, ক্রীড়া ও চিত্ত বিনোদনের ব্যবস্থা নেওয়া, কামরাঙ্গীরচরে নতুন তিন ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করা, স্বাধীনভাবে সবার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নগর প্রশাসন গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষণাকালে সাঈদ খোকন বলেন, “সবার সহযোগিতা পেলে এক মেয়াদেই এসব কাজ করা সম্ভব।”

নগরপিতা নয়, নির্বাচিত হলে ঢাকাবাসীর সন্তান হিসেবে কাজ করতে চান বলে জানান তিনি।

খোকনের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ‘সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের আহ্বায়ক নাজমা শাহীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মাকসুদ কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়