News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৫:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

সরকার সুষ্ঠু নির্বাচন চায় না: জাসদ রব

সরকার সুষ্ঠু নির্বাচন চায় না: জাসদ রব

ঢাকা: সরকারি মন্ত্রীরা যখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঘোষণা করেন, যে কোনো ভাবেই হোক  নির্বাচনে জিততে হবে। তখন বুঝা যায়, সরকার  চায় না  নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক জাসদ রব নেতারা এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন।

রোববার দুপুরে  জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষেে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়।

জাসদ নেতারা বলেন, “সিটি নির্বাচন নির্দলীয় হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনের মত প্রার্থী মনোনয়ন এবং দলের অনেক প্রার্থীকে চাপ প্রয়োগ করে বসিয়ে দেওয়া ইত্যাদি কর্মকাণ্ড প্রমাণ করে সরকার কী চায়।”

সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সিটি নির্বাচন দিয়েছে এমন অভিযোগ করে নেতারা বলেন, “দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট অব্যাহত রেখে দীর্ঘদিন পর হঠাৎ করে সরকারের সিটি নির্বাচন ঘোষণা করার মানে হলো জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়া। এর কারণ হলো, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও বর্তমান  রাজনৈতিক সংকট থেকে মুক্তি।”

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু প্রস্তাবনা উপস্থাপন করে তারা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব মুক্ত রাখা, এখন থেকেই নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন,  সকল প্রার্থীকে বিভিন্ন মিডিয়াসহ সকল প্রচার প্রচারণায় সমান সুযোগ দেওয়া, নির্বাচনী আচরণ বিধি সবাই যেন মেনে চলে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।”

এ সময় জাসদ নেতারা ঢাকা দক্ষিণের মেয়র পদে আব্দুল খালেককে এবং চট্রগ্রাম সিটি নির্বাচনে শফিউল আলম খোকনকে সমর্থন দেন।

আধুনিক সিটি করপোরেশন গড়ে তোলার কর্মসূচি প্রচারের জন্য তারা এ নির্বাচনকে সমর্থন করেন বলেও নেতারা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব, সংগঠনের সহসভাপতি সিরাজ মিয়া, সাবেক এমপি এমএ গোফরান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়