News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ২৭ ডিসেম্বর ২০২৫

হাদির কবর জিয়ারত শেষে ভোটার হতে ইসির উদ্দেশে তারেক রহমান

হাদির কবর জিয়ারত শেষে ভোটার হতে ইসির উদ্দেশে তারেক রহমান

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ইসির উদ্দেশ্যে রওনা হন।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হতে হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এ কারণে আজ তিনি ভোটার হতে ইসিতে উপস্থিত হয়েছেন।

এদিকে, বিএনপি আগেই জানিয়েছিল যে শনিবার তারেক রহমান ভোটার হবেন। এর আগে দলটির পক্ষ থেকে তাকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাদির সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফিরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় মঞ্চ তৈরি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে মঞ্চের উদ্দেশ্যে রওনা হন তিনি এবং বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।

তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তারেক রহমান তাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়