মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরেছি: তারেক রহমান
তারেক রহমান। ছবি-ভিডিও থেকে নেওয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর অশেষ মেহেরবানিতেই আমি আজ মাতৃভূমিতে ফিরে এসেছি।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনা মঞ্চে পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাসে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
আরও পড়ুন: লাখো নেতাকর্মীর উচ্ছ্বাসে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
এরও আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








