News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তার আগের যাত্রাপথে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি, যেখানে কিছু সময় যাত্রাবিরতি দেওয়া হয়। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি।

দেশের আকাশে প্রবেশের পর সকাল ৯টা ৩৪ মিনিটে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দেন, তিনি লিখেছেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

তারেক রহমানকে বহনকারী বিজি-২০২ বোয়িং ৭৮৭-৯০০ ড্রিমলাইনার ফ্লাইটটি লন্ডন–সিলেট–ঢাকা রুটে চলেছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশে বিমানটি বেলা ১১টা ৪ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় নির্ধারিত ছিল।

আরও পড়ুন: সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়। পাশাপাশি তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, সৈয়দ মইনউদ্দিন আহমেদ, ও তাবাসসুম ফারহানা।

দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনাস্থলে যাওয়ার কথা থাকলেও সেখানে ভিড় এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই সংবর্ধনাস্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশবাসী অপেক্ষমাণ। তাকে একনজর দেখার জন্য এবং দুটি কথা শোনার জন্য আমরা সেই মুহূর্তের অপেক্ষা করছি। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান সংক্ষিপ্তভাবে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে দেখতে যাবেন এবং সেখান থেকে সরাসরি গুলশান-২-এ নিজ বাসভবনে ফিরবেন।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে যান। এরপর একাধিক মামলা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি। আজ দীর্ঘ ১৭ বছর পর অবশেষে প্রিয় মাতৃভূমিতে ফেরার যাত্রা সম্পন্ন হলো।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়