News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষমাণ দেশবাসী: সালাহউদ্দিন

তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষমাণ দেশবাসী: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ, ২৫ ডিসেম্বর ২০২৫, একটি অবিস্মরণীয় দিন। দীর্ঘ প্রায় ১৭ বছর নির্বাসিত থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই বিশেষ মুহূর্তকে ঘিরে সারা দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষমাণ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, “দেশবাসী অপেক্ষমাণ তাকে একনজর দেখার জন্য এবং দুটি কথা শোনার জন্য। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। সারা দেশবাসী দেখবে, বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ, আমরা আশা করি, এই মুহূর্তকে ঐতিহাসিকভাবে পালন করতে পারবো।”

সালাহউদ্দিন আরও বলেন, “আমরা দীর্ঘ ১৬–১৭ বছর ধরে অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। স্বৈরাচার পতিত হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে এবং অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে।”

তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করেছে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতির পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন। ইতিমধ্যেই একাধিক স্থায়ী কমিটির সদস্য বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সালাহউদ্দিন আহমেদ বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে। পারতপক্ষে নির্বাচনকে বানচাল করতে পারে, তবে সেটা দুঃস্বপ্ন। যারা এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ।” তিনি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। মুক্তির পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে গিয়েছিলেন। পরবর্তী সময়ে একাধিক মামলা এবং প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন দেশে ফেরা সম্ভব হয়নি। আজ সেই দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে তিনি নিজ মাতৃভূমিতে পা রাখছেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের এই দিনকে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দেশ-বিদেশের নজর থাকবে এই ঐতিহাসিক মুহূর্তের প্রতি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়