১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ভোরেই জনসমুদ্রে সংবর্ধনাস্থল
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বরণ করে নিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় দলীয় উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনাকে ঘিরে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই আয়োজনস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাত গভীর হওয়ার পরও ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত প্রায় সব সড়কে মানুষ অবস্থান নেয়। বৃহস্পতিবার সূর্য ওঠার আগেই পুরো এলাকা জনতার মহাসমুদ্রে পরিণত হয়।
দেখা গেছে, অনেক নেতাকর্মী ও সমর্থক রাতেই সংবর্ধনাস্থলের আশপাশে অবস্থান নেন। কেউ কেউ কাঁথা ও কম্বল মুড়িয়ে সেখানেই বিশ্রামের ব্যবস্থা করেন। সার্বিকভাবে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: পূর্বাচলের ৩০০ ফিটে রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি, নেতাকর্মীদের ঢল
এর আগে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিট) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২–এ লন্ডন–সিলেট–ঢাকা রুটে রওনা হন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। উড়োজাহাজে তারেক রহমানকে সামনের সারির এ-১ নম্বর আসনে বসানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং সকাল ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








