দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ত্যাগ করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দেশে পৌঁছাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির আশা, ঢাকায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তার জন্য বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে জনউদ্দীপনা সৃষ্টি হয়েছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক আয়োজন ছাড়িয়ে যাবে এবারের সংবর্ধনা। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।
বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি।
পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দফায় দফায় বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।
আরও পড়ুন: রুমিন ফারহানার সমর্থকরা মনোনয়নপত্র তুলবেন
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে ফিরলেও এবারই প্রথম দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








