জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায়
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকা শহরের মোট ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।
‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৭শ ৬০টি আসনের (বিজ্ঞান-৭২৫ ও অন্যান্য-৩৫) বিপরীতে ৫৭ হাজার ৭শ তিনজন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে ড্রেস কোড চালু করা হয়েছে। এ ছাড়া অন্য বছরের মতো পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষা কমিটিও বিশেষ সর্তকর্তা অবলম্বন করেছে। ভর্তি পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তিসংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দেওয়ার জন্য মোবাইল কোর্ট বসানো হয়েছে।
পরীক্ষার্থীদের ড্রেস কোডের ক্ষেত্রে কঠোর নিয়ম করা হয়েছে। হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ছাড়া) পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা রয়েছে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরেছেন, তাদের জন্য পোশাকের শর্ত শিথিল করা হয়েছে। তবে এই সুযোগ নিয়ে যাতে কেউ অসদুপায় অবলম্বন করতে না পারে, সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া, পরীক্ষার্থীদের পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল প্রভৃতি) সঙ্গে নিতে দেওয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/এএ/এফই
নিউজবাংলাদেশ.কম








