News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১২, ৩ এপ্রিল ২০২৬

‘তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ মাসের পরিকল্পনা সরকারের’

‘তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ মাসের পরিকল্পনা সরকারের’

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে আগামী তিন মাসের আগাম পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে সরকার কিছু নতুন ও কঠোর পদক্ষেপ নিয়েছে। এসব সিদ্ধান্তের অংশ হিসেবে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের বাজার বন্ধ রাখতে হবে। একইসঙ্গে সরকারি পর্যায়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে মন্ত্রী ও সচিবদের ব্যক্তিগত ও দাপ্তরিক ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ

বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম মন্তব্য করেন, গত ১৭ বছরে শুধু উন্নয়নের ফাঁপা বুলি শোনা গেছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো টেকসই উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই অনুন্নয়নের প্রকৃত ও কঙ্কালসার চিত্রটি স্পষ্টভাবে ধরা পড়ছে। বর্তমান সরকার অন্তসারশূন্য বুলি নয়, বরং বাস্তবভিত্তিক সংস্কার ও জনকল্যাণে বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, টাঙ্গাইলের পার্ক বাজারের বেহাল রাস্তা ও বাজারের সার্বিক উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে এই উন্নয়ন কাজগুলো শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান শফিক। এছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়