তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক শহিদুলের জামিন
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গতকাল তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গ্রেফতার শিক্ষকের মুক্তি চেয়ে শনিবার রাতে বিবৃতি দেয় বিএনপি। বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
আরও পড়ুন: শপথ নিলেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সে অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নিউজবাংলাদেশ.কম/এসবি








