News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ২১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৯, ২১ ডিসেম্বর ২০২৫

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। 

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ছায়ানটের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

আরও পড়ুন: হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও অফিসসহ ভবনের প্রায় সব কটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ভবনের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

এতে বলা হয়, ভাঙচুরের ঘটনায় বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও সার্ভারে আগুন দেওয়া হয়। হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন এবং একাধিক হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের পাশাপাশি ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন ও উদীচিতে হামলার ঘটনা ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়