কাশ্মির নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক
ভারত অধিকৃত কাশ্মির পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
শুক্রবার ভারতের চির শত্রু পাকিস্তান ও তাদের বন্ধু চীনের আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত এ বৈঠকে জম্মু-কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনা করেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
গত কয়েক দশকের মধ্যে এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মির বিষয়ে আলোচনা হলো।
তবে এ আলোচনায় তেমন কোনো ফল আসেনি বলে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়। জাতিসংঘের একজন কূটনীতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পর কাশ্মির ইস্যুতে গণমাধ্যমকে জাতিসংঘের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে বিবৃতি দেয়া পরিষদের ন্যূনতম কাজ হিসেবে দেখা হয়।
জাতিসংঘের ওই কূটনীতিক জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকের পর কোনো বিবৃতি দেয়া হলে তা কাশ্মিরের উত্তেজনাকর পরিস্থিতি আরো বাড়িয়ে তুলবে মনে করে এর বিরোধীতা করে নিরাপত্তা পরিষদের সদস্যদের একাংশ। আবার পরিষদের আরেকটি অংশ এই বৈঠক থেকে কোনো বিবৃতি দেয়া হলে তা হবে পাকিস্তানের পক্ষ নেয়া— এমন ভাবনা থেকে বিবৃতি দেয়ার বিরোধীতা করে। এ ছাড়া বৈঠকে ফ্রান্স, জার্মানি ও জাতিসংঘ কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের সম্ভাব্য দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ নষ্ট হওয়াসহ পরিস্থিতি আরো ঘোলাটে করতে পারে— এমন ভাষা ব্যবহারের বিরুদ্ধে মত দেয়।
জাতিসংঘের আরেকজন কূটনীতিক জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাকেই কাশ্মির ইস্যুতে প্রাধান্য দেয়া হচ্ছে।
এদিকে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি বলেন, “এ বৈঠক প্রমাণ করেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের চিৎকার-ধ্বনি জাতিসংঘের কানে পৌঁছেছে।”
মালিহা লোধি দাবি করেন, এ বৈঠক প্রমাণ করে কাশ্মির ইস্যু একটি একটি আন্তর্জাতিক সমস্য। কাশ্মির ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য পাকিস্তান প্রস্তুত বলেও জানান তিনি।
অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, “কাশ্মির ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের আন্তর্জাতিক কোনো পক্ষকে প্রয়োজন নেই।”
এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, “কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েরই একতরফা পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকা উচিত বলে মনে করে নিরাপত্তা পরিষদ।”
সম্প্রতি ভারত সরকার কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত বিশেষ ক্ষমতা বিলোপ করে। গত ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মির থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল— জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— ভাগ করার ঘোষণা দেয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ








