চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতির বিষয় থাকার দাবি নাকচ ওবামার
ইরানের সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিষয়টি থাকার দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি, চুক্তির আলোকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, "যাচাইয়ের সুযোগ রেখেই ইরানের সঙ্গে চুক্তির পর শর্তারোপ করে- পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে; এগুলো বলা আর ইরানের শাসন কাঠামো সম্পূর্ণ না পাল্টানো পর্যন্ত আমরা কোনো চুক্তিতে সই করবো না বলা একই কথা।"
অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে জানান, চূড়ান্ত চুক্তির আলোকে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কোনো সমস্যা নেই।
বিষয়টি বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা একদিনে তুলে নেয়া হবে, আমরা কখনোই এমন অবস্থানে ছিলাম না।"
চূড়ান্ত চুক্তির পর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে অবিলম্বে তেহরান পারমাণবিক কর্মসূচি শুরু করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। গত শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে চুক্তি প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে জাভেদ জারিফ বলেন, বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ইরানের স্বার্থেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। রয়টার্স, এপি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে সুইজারল্যান্ডের লুজান শহরে টানা আট দিনের আলোচনার পর গত বৃহস্পতিবার একটি প্রাথমিক ‘রূপরেখা’ সমঝোতার যৌথ ঘোষণা দেওয়া হয়।
যৌথ ঘোষণায় সমঝোতার কথা জানানোর পর চুক্তির বিষয়ে উভয় পক্ষের ব্যাখ্যায় তারতম্য দেখা যাওয়ার বিষয়টি খোলাসা করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ওই মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তির বিষয়ে নিজস্ব ব্যাখ্যা প্রকাশ করার বিষয়ে সম্মত হয়েছে ইরান এবং ছয় বিশ্বশক্তি। ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আসার বিষয়টি আমরা জানি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আমারা একে অপরকে বেঠিক বলব না।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








