নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পারমাণবিক কর্মসূচি শুরু করবে ইরান
চূড়ান্ত চুক্তির পর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে অবিলম্বে পারমাণবিক কর্মসূচি শুরু করবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ছয় বিশ্বশক্তির সঙ্গে প্রাথমিক চুক্তি প্রসঙ্গে এ কথা বলেন।
গত শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে চুক্তি প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে জাভেদ জারিফ বলেন, বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ইরানের স্বার্থেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। রয়টার্স, এপি।
এদিকে, তেহরানের সঙ্গে সমঝোতার বিরোধী কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শনিবার দেওয়া সাপ্তাহিক ভাষণে তিনি চুক্তিটি নিয়ে সন্দেহপ্রবণদের সংশয় দূর করার চেষ্টা করেন।
জাভেদ জারিফ টেলিভিশন সাক্ষাৎকারে প্রাথমিক চুক্তিটি হওয়ার পরপরই প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ‘তথ্যপত্রের’ বিরোধিতা করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "মার্কিনরা যা চায়, তা-ই ওই তথপত্রে রেখেছে...আমি এ বিষয়ে এমনকি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) জন কেরির সঙ্গে প্রতিবাদ করেছি।"
ওই ‘তথ্যপত্রে’ বলা হয়েছে, সম্ভাব্য চুক্তির রূপরেখার সমঝোতায় ইরান বেশি ছাড় দিয়েছে। শুধু ইরান চুক্তির শর্তগুলো মেনে চলছে নিশ্চিত হওয়ার পরই তেহরানের বিরুদ্ধে চলমান অবরোধ প্রত্যাহার নয়, বরং স্থগিত করা হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চুক্তি পর্যবেক্ষণ করবে জানিয়ে জারিফ আরও বলেন, "কোনো পক্ষ সমঝোতা লঙ্ঘন করলে, অন্য পক্ষও তার নিজস্ব পদক্ষেপ স্থগিত করতে পারবে।"
তিনি বলেন, "পারমাণবিক কর্মসূচির ওপরে আমরা যেসব কাজ করেছি, তা পুনঃস্থাপন করা যাবে।...আমাদের প্রযুক্তি জ্ঞান নিজস্ব। তাই এটা কেউই আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।"
ইরান অতীতে কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না জানিয়ে জারিফ বলেন, পাশ্চাত্য যত দিন প্রতিশ্রুতি রক্ষা করে চলবে, তেহরানও তত দিনই তা করে যাবে।
এদিকে, যৌথ ঘোষণায় সমঝোতার কথা জানানোর পর চুক্তির বিষয়ে উভয় পক্ষের ব্যাখ্যায় তারতম্য দেখা যাওয়ার বিষয়টি খোলাসা করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। ওই মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তির বিষয়ে নিজস্ব ব্যাখ্যা প্রকাশ করার বিষয়ে সম্মত হয়েছে ইরান এবং ছয় বিশ্বশক্তি। ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আসার বিষয়টি আমরা জানি উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আমারা একে অপরকে বেঠিক বলব না।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে সুইজারল্যান্ডের লুজান শহরে টানা আট দিনের আলোচনার পর গত বৃহস্পতিবার একটি প্রাথমিক ‘রূপরেখা’ সমঝোতার যৌথ ঘোষণা দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








