মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্ষমতাসীন দলের এক জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবসহ ছয়জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের নিয়ে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রাজধানী কুয়ালালামপুরের কাছে শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ধ্বংসাবশেষ থেকে নিহত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রদূত, আইনপ্রণেতা জামালুদ্দিন জার্জিস এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আজলিন আলিয়াস রয়েছেন। নিহত অন্য চারজন হলেন ব্যবসায়ী টান হুয়াত সেয়াং, হেলিকপ্টারের পাইলট, সহ-পাইলট ও জামালুদ্দিনের দেহরক্ষী।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাজিব, জামালুদ্দিন ও মুখ্য সচিব আজলিন নিহত হওয়ার ঘটনাকে তার জন্য বিরাট বিপর্যয় বলে বর্ণনা করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রিয় বার্তা সংস্থা বেরনামা জানায়, ভূমিতে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটিকে আকাশে বিস্ফোরিত হতে দেখা গেছে। বিস্ফোরিত হওয়ার পর কুয়ালালামপুরের কাছের সেমেনিয়হ টাউনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি প্রধানমন্ত্রী নাজিবের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের নিয়ে ফিরছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন বিভাগ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








