স্মৃতির চোখে ধরা পড়ল ট্রায়াল রুমের গোপন ক্যামেরা
ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কম নেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তারপরও শুক্রবার ক্যামেরার মুখোমুখি হয়ে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তার। আর ভয় পাবেনই বা কেন, সেই ক্যামেরা যে নারীদের পোশাক পাল্টানোর কক্ষে থাকা গোপন ক্যামেরা।
পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গুত নামের ছোট শহরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মুখোমুখি হয়েছেন এমন ঘটনার।
জানা গেছে, শুক্রবার দুপুরে শহরের ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানে পোশাক কিনতে যান মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। কয়েকটি পোশাক বেছে নিয়ে ট্রায়াল রুমে ঢোকার পরপরই তার নজরে পড়ে লুকানো ক্যামেরা। দ্রুত বের হয়ে এসে ইরানি সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে পাঠান। প্রচণ্ড ক্রুদ্ধ স্বামী জুবিন ইরানি দোকানের কর্মীদের ওপর চড়াও হয়ে ফুটেজ দেখাতে বাধ্য করেন। সেই ফুটেজে দেখা যায়, সত্যি সত্যিই মন্ত্রীর কাপড় পাল্টানোর দৃশ্য ধারণ করা হচ্ছিল ক্যামেরায়!
ঘটনা জানাজানি হতেই সেখানে চলে আসেন স্থানীয় পুলিশ এবং বিজেপির বেশ কজন নেতাও। ক্ষুব্ধ স্মৃতি পুলিশকে বলেন, “এটা মেনে নেওয়া যায় না। সবখানেই এখন এগুলো হচ্ছে। কিছু লোক আপনাকে গোপনে অনাবৃত অবস্থায় ভিডিও করছে। এরপর নষ্ট করছে আপনার সুনাম।”
পরে পুলিশ স্মৃতির অভিযোগ গ্রহণ করে দোকানের গোপন ক্যামেরা ও ফুটেজ জব্দ করে।
প্রসঙ্গত, দুই দিনের ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। ২০০০ থেকে টানা আট বছর ধরে চলা টিভি সিরিয়াল ‘কিঁউ কি শাঁস ভি কাভি বহু থি’ তে অভিনয় করে খ্যাতির তুঙ্গে পৌঁছান স্মৃতি। এরপর ২০০৩ সালে যোগ দেন বিজেপিতে।
উল্লেখ্য, বাংলাদেশে এর আগে ঢাকার অভিজাত বিউটি পারলার ‘পারসোনা’র বনানী শাখা থেকে গোপন ক্যামেরা উদ্ধারের ঘটনা ঘটে। তখন পুলিশ পারলারের সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিস্কও জব্দ করেছিলো।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








