চীনের নিরাপত্তা বাহিনীর সাবেক প্রধান ঘুষের দায়ে অভিযুক্ত
ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত হয়েছেন চীনের সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ঝাউ ইয়ংকাং। দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের এক আদালত আজ শুক্রবার তাকে এসব অভিযোগে অভিযুক্ত করেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি ও এএফপিতে এ খবর প্রকাশিত হয়। ঝাউ ইয়ংকাং চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন। দেশটির ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম ঝাউ ২০১২ সালে অবসরে যান।
২০১৪ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেওয়া হয়। এরপর চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর নয় সদস্যের স্ট্যান্ডিং কমিটির অন্যতম একজন থাকা অবস্থায় ঝাউকে পার্টি থেকে বহিষ্কার করা হয়।
চীনের শীর্ষ আদালতের এক বিবৃতিতে ঝাউয়ের বিরুদ্ধে করা অভিযোগগুলোকে ভয়ংকর গুরুতর বলে অভিহিত করা হয়। তার বিরুদ্ধে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যের পদ ব্যবহার করে সুবিধা আদায় করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে অন্যদের সম্পদ আহরণের অভিযোগ রয়েছে। জনগণ ও রাষ্ট্রীয় সম্পদহানী ঘটনানোর অভিযোগেও অভিযুক্ত করা হয় তাকে।
অভিযুক্ত হওয়ার পর ঝাউয়ের সাবেক সহকারী ও বন্ধুদের বিরুদ্ধেও তদন্ত চলছে।
নিউজবাংলাদেশ.কম এসজে
নিউজবাংলাদেশ.কম








