বিরল লটারি ভাগ্য
ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দুই বছরের মধ্যে দুইবার জিতেছেন এক মিলিয়ন পাউন্ডের লটারি। ডেভিড লং এবং তার স্ত্রী ক্যাথলিন দুইবার ইউরো-মিলিয়ন লটারি জিতে এখন মিলিয়ন পাউন্ডের মালিক।
ইউরো-মিলিয়ন লটারির প্রাইজমানি ১০ লাখ পাউন্ড। প্রথমবার ২০১৩ সালে এবং দ্বিতীয়বার এবছরের মার্চে মিলিয়ন পাউন্ডের এই লটারি জেতেন স্বামী-স্ত্রী।
পেশায় ট্রাক চালক ডেভিড লটারি পাওয়ার পর কাজও ছেড়ে দিয়েছেন।
লটারি প্রতিষ্ঠান ক্যামেলট এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় জানায়, এ ধরণের লটারি ভাগ্য খুবই বিরল।
দ্বিতীয়বার লটারি জয়ের পর ডেভিড লং অবশ্য তেমন উচ্ছ্বাস প্রকাশ করেননি। তিনি বলেন, "সবসময়ই জানতাম আমি একদিন জিতবো। প্রথমবার জেতার আগেও আমার কেন যেন মনে হয়েছিল, আমিই জিতবো।"
প্রথমবার লটারি জেতার আগে কঠিন অর্থসঙ্কটে দিন কাটছিল এই দম্পতির। টানা তিন বছর ধরে অসুস্থ থাকায় কোন কাজ করতে পারছিলেন না ডেভিড। এমনকি লটারি জেতার পর টিকিটটিও ময়লার বিনে ফেলে দিয়েছিলেন। কারণ তারা ভুল করে ভেবেছিলেন, তারা দুই পাউন্ডের কিছু বেশি জিতেছেন। পরে অবশ্য ভুল ভাঙে এবং অর্থসঙ্কট কাটিয়ে ওঠেন তারা। প্রথম লটারি জেতার তিনদিন পরেই অবসরের সিদ্ধান্ত নেন সাবেক এই ট্রাকচালক।
অর্থসঙ্কটহীন অবসর জীবনে বিরল ভাগ্যবান এই দম্পতির জীবন এখন সুখেই কাটছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








