ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তা যাচ্ছিল। একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে অতিরিক্ত গতিতে পৌঁছানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা ৩৪ জনকে জীবিত উদ্ধার করে সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ ও সড়ক আইন লঙ্ঘনকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








